জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মুগ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে কর্নারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে স্থাপিত মুগ্ধ কর্নার (পানির পাম্প) থেকে আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম বলেন, ‘শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন সময়ের এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ছিল শুধু একটি রাজনৈতিক ঘটনার অংশ নয়, বরং দেশের তরুণ সমাজের সাহসিকতার প্রতীক। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার স্মরণে নির্মিত এই কর্নার শুধু বিশুদ্ধ পানির একটি উৎস নয়, এটি হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নৈতিকতা, গণতন্ত্র ও মানবিক চেতনার এক প্রেরণাস্থল।’
