উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে মস্কো যেকোনো পদক্ষেপ নিক না কেন, তা পিয়ংইয়ংয়ের নিঃশর্ত সমর্থন পাবে।
লাভরভের তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ওনসান শহরে কিমের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পাশাপাশি লড়ছে পিয়ংইয়ংয়ের প্রায় ১০ হাজার সেনাও। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর দুই দেশ একটি কৌশলগত চুক্তি সই করে, যাতে পারস্পরিক প্রতিরক্ষার শর্তও যুক্ত রয়েছে।
লাভরভের সঙ্গে কিম জং-উনের বৈঠকের পাশাপাশি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই-এর সঙ্গেও আলোচনা হয়েছে। কেসিএনএ জানায়, ইউক্রেন সংকটে রাশিয়ার নীতিকে পুরোপুরি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন কিম। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে কিম ও লাভরভকে করমর্দন ও আলিঙ্গন করতে দেখা গেছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও গত দুই বছরে রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই কিম জং-উন মস্কোর পক্ষে সেনা ও অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধজয়ের জন্য রাশিয়া এখন উত্তর কোরিয়ার ওপর নির্ভরশীল, যা ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে।
রাজনীতির ফাঁদ নিয়ে সালমান মুক্তাদিরের সর্তকবার্তা
পুরুষ নয়, নারী মশাই ভয়ঙ্কর!