বাগেরহাটের ফকিরহাট থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকার বেশি।
রবিবার বিকালে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান।
এদিন ডিবি পুলিশের এসআই মো. টুটুল বাদী হয়ে ফকিরহাট থানায় কালাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারি কালাম হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার নাথুয়ারডাঙা গ্রামের আব্দুল গফুরের ছেলে। এর আগে শনিবার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে একটি পরিবহণে তল্লাশি চালিয়ে কালামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ সাংবাদিকদের জানান, সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।
সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি কাটাখালী পৌঁছালে পুলিশ প্রথমে কালামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাসের বক্সের ভেতরে একটি আমের ক্যারেটে লুকিয়ে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
কারা এই মাদক কারবারের সঙ্গে জড়িত তা জানতে কালামকে আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশ সুপার।
