মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্সের লিমিটেডের মালিকানাধীন আলীনগর চা বাগানের ফাঁড়ি সুনছড়া চা বাগান থেকে বড় একটি মূল্যবান গর্জন গাছ চুরির ঘটনা ঘটেছে। যার বাজারমূল্য হবে আনুমানিক ২ লক্ষ টাকা। রবিবার (১৩ জুলাই) ভোরে চা বাগানের ভেতরের ২২ নম্বর সেকশনের টিলা থেকে গর্জন প্রজাতির এ গাছটি চুরি হয়।
খবর পেয়ে রবিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, সুনছড়া চা বাগানের ২২ নম্বর সেকশন থেকে ছায়াবৃক্ষ গর্জন প্রজাতির একটি বড় গাছ চুরি হয়েছে। বাগানের টিলায় পড়ে আছে কাটা গাছের মূথা। গাছের বড় বড় কাটা অংশ পরিবহনের জন্য বেশকিছু চা গাছও কেটে ফেলেছে চোরচক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক সুনছড়া চা বাগান কয়েকজন শ্রমিক জানান, বাগানের কোনও গাছ কাটা হলে সেটা বড় সাহেব (বাগান ব্যবস্থাপক) জানার কথা। বাগানের পাহারাদারদের সহযোগিতা ছাড়া এত বড় গাছ চুরি করে নেওয়া সম্ভব নয়।’
গাছ চুরির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘শনিবার গভীর রাতে স্থানীয় কাঠ পাচারকারী মিলন মিয়া বাগানের লাইন চৌকিদার ইব্রাহিম, উসমান ও বাগান ম্যানেজ করেই তার নিজস্ব দুটি ট্রাকে করে ১৪/১৫ জন শ্রমিক নিয়ে বাগানের সেকশনে ঢুকে গাছ কেটে ভোরে ট্রাকযোগে নিয়ে যায়।’
এদিকে মিলন মিয়ার গাছ চুরির স্বীকারোক্তির একটি ভয়েস রেকর্ড দেশ রূপান্তরের প্রতিনিধির হাতে এসেছে। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। বর্তমানে বসবাস করেন কমলগঞ্জ পৌর এলাকার করিমপুর এলাকায়। তার বিরুদ্ধে বনের এবং সড়ক ও রেলপথের পাশের গাছ চুরির অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
নাম প্রকাশ না করা শর্তে ওই বাগানের এক চা শ্রমিক নেতা বলেন, ‘গাছ চুরির ফলে চায়ের উৎপাদনে প্রভাব পড়ছে ও পরিবেশের ব্যাপক ক্ষতি বয়ে আনছে। চা বাগানে চায়ের টিলাভূমিতে গাছগাছালি অতিবৃষ্টি ও প্রখর রোদ থেকে রক্ষার জন্য মূলত চা গাছ লাগানো হয়। বাগান কর্তৃপক্ষ গাছ চুরির দায় এড়াতে পারে না।’
গাছ চুরির বিষয়ে সুনছড়া চা বাগানের দায়িত্বে থাকা সহকারি ব্যবস্থাপক প্রবীর হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি শ্রীমঙ্গলে আছেন, আগামীকাল বক্তব্য দিব বলে বিষয়টি এড়িয়ে যান।
তবে আলীনগর চা বাগানের ব্যবস্থাপক রফিউল আলম রানা দেশ রূপান্তরকে বলেন, ‘সুনছড়ার গাছ চুরির বিষয়টি জেনেছি। রবিবার চা বাগান সাপ্তাহিক বন্ধ থাকায় কিছু করা যাচ্ছে না। সোমবার চুরির বিষয়ে থানায় অভিযোগ করা হবে। বাগানের কেউ জড়িত থাকলে তদন্তে তা বেরিয়ে আসবে।’
অবশেষে হাসলো লিটনের ব্যাট, ১৩ ইনিংস পর ফিফটি
সড়কের বেহাল দশা, আনারস রোপণ করে প্রতিবাদ