চন্দনাইশে বিল থেকে ১৫ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে নিশিকান্ত চিকনখাল সংলগ্ন বিলে অভিযান চালিয়ে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পরবর্তীতে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানকালে অপরাধী কাউকে পাওয়া যায়নি।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নিশিকান্ত চিকনখাল সংলগ্ন বিলে অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, পুলিশের একটি দল ও আনসার সদস্যরা, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান জানান, অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যা বাংলাদেশ মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ অবৈধ উপকরণ হিসেবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই অভিযানের মাধ্যমে এলাকার জলজ সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, আজকের অভিযানে ১৫টি চায়না দুয়ারি নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়। ভবিষ্যতেও উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত