দুদকের অভিযানে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিম্নমানের খাবার

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল এ অভিযান চালায়।

অভিযান শেষে সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন ভর্তি রোগীর সঙ্গে আলাপ করে জেনেছি খাবারের পরিমাণ ও মান ভালো নয়। তবে আমাদের অভিযানের আগেই খাবার বিতরণ ও খাওয়া শেষ হওয়ায় আলমত সংগ্রহ করতে পারিনি।

তিনি বলেন, অল্প পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছি। সেবা প্রার্থীরা বলেছে দালালের দৌরাত্ম্যের কথা। কয়েকজন চিকিৎসকের অসদাচরণ ও ডিউটির সময় হাসপাতালে উপস্থিত থাকে না বলেও জানায় রোগীরা।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স থাকলেও সেবা পায় না। চিকিৎসক নার্সসহ স্টাফ স্বল্পতার কথাও বলেছেন কয়েকজন। বহির্বিভাগের টোকেন সংগ্রহ, গাইনি ও প্রেশার-হার্টের চিকিৎসা নিতে গিয়ে রোগীর ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় চুরি ছিনতাইয়ের শিকার হন বলে রোগীদের অভিযোগ।

সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, আমরা যেসব অনিয়ম ও দুর্নীতিসহ নানা অসঙ্গতি পেয়েছি সেসবের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত