শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৭টি ব্যাংক হিসাবে ৪৬৪ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

দুদক মহাপরিচালক বলেন, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন এবং তার ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন, যার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও বলেন, সালমা ওসমান তার স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন এবং তার ৮টি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুটি মামলায় তাদের বিরুদ্ধে মোট ৯ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৪৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪৬৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৬১১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।  

এছাড়া, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান এবং কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিস জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত