এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন (৬৮) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাঈদ হোসেনের ব্যক্তিগত সচিব এমডি সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। সাঈদ হোসেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত।
সাঈদ হোসেন দেশের চা-শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে। শুধু চা-শিল্প নয় পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাঈদ হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক মহলে তার ভাবমূর্তি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।
তিনি দীর্ঘসময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
