ডিএসসিসির দুই হাসপাতালে চালু মিডওয়াইফারি সেবা

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে ২৪/৭ মিডওয়াইফারি-নেতৃত্বাধীন যৌন এবং প্রজনন স্বাস্থ্য (এসআরএইচ) সেবার উদ্বোধন করেছেন করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন হ্রাসের মাধ্যমে নগরীর প্রজনন স্বাস্থ্যসেবায় গুণগত উন্নয়ন এবং ঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীকে মানসম্মত ও সহজপ্রাপ্য মাতৃসেবা দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প চালু হয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), জাইপাইগো বাংলাদেশ এবং ডিএসসিসির উদ্যোগে গৃহীত এ প্রকল্প পুরান ঢাকার ৮ লক্ষাধিক বাসিন্দার সার্বক্ষণিক কাক্সিক্ষত মাতৃসেবা নিশ্চিত করবে। ইউএনএফপিএ এবং জাইপাইগোর সহায়তায় প্রশিক্ষিত ধাত্রী ও চিকিৎসকরা স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিয়ে এই সেবার ৯০ শতাংশ দেবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শুধু মুনাফা অর্জনের জন্য ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে সিজারিয়ান ডেলিভারিকে অনেকটা বাধ্যতামূলক করা হয়েছে। অপ্রয়োজনীয় সিজারে মা ও নবজাতকের দীর্ঘমেয়াদি ক্ষতির মাধ্যমে পুরো জাতি বিরাট স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে।’ সরকারি-বেসরকারি অংশীদারত্ব জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে ডিএসসিসির সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়েফারি সেবা চালু করা হবে। ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘মিডওয়াইফারি-নেতৃত্বাধীন সেবা শুধু চিকিৎসা নয়; এটি নারীর ক্ষমতায়ন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবায় অবদান রাখে।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত