সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ভাই বোনের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম

খাদ্য বিষক্রিয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হল, একই পরিবারের বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। সম্পর্কে তারা আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় একটি তাঁত কারখানায় শ্রমিক।

এদিন বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল ও মুড়ি খায় দুই শিশু। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই বোন আছিয়া এবং ভাই বাকি বিল্লাহ অসুস্থ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, গত দুইদিন আগে নানা বাড়ি থেকে বড় কাঁঠাল নিয়ে আসেন। এরপর সেদিনই কাঁঠাল ভেঙে খাওয়া হয়৷ তবে বাকি অংশ টুকু মেঝেতে রেখে দেওয়া হয়। এদিন  সেই কাঁঠাল মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার পরেই দুই ভাই বোনের মৃত্যু হয়।

দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে ভাই-বোনের দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া হোসেন বলেন, লাশ দাফনের পর বিষয়টি শুনতে পেরেছি৷ এবিষয়ে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত