পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে অন্তত ৬৩ জন নিহত ও ২৯০ জন আহত হয়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ মানুষই ভবন ধসে চাপা পড়ে মারা গেছেন। বাকিরা কেউ পানিতে ডুবে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে মানুষ ঘরে থাকতে পারে। শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীটি ফুলে-ফেঁপে ওঠায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
এই নিয়ে বর্ষা মৌসুম শুরুর পর পাকিস্তানে (জুনের শেষ থেকে) মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮০ জনে। নিহতদের অর্ধেকের বেশি শিশু।
প্রবল বৃষ্টির কারণে পাঞ্জাবের অনেক এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানান, বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় বলেন, ‘সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’ পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
