নির্বাচিত হলে ২৪ ঘণ্টাই এফবিসিসিআইকে দেবেন সাজ্জাদ 

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও আসন্ন নির্বাচনে সভাপতি পদ প্রার্থী ড. পারভেজ সাজ্জাদ আকতার বলেছেন, নির্বাচিত হলে ২৪ মাসের প্রতিদিন এফবিসিসিআইয়ের জন্য ব্যয় করবেন। গত বুধবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যদের সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা হাততালিতে তাকে সমর্থন জানান। 

অনুষ্ঠানে পুরনো ঢাকার ব্যবসায়ী হাজী মো. সালাহউদ্দিন, কামাল হোসেন পলাশ, সাহাদাত হোসেন ভূঁইয়া, কেএসএম মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
 
পারভেজ সাজ্জাদ বলেন, ২০০০ সালে এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছি। ওই সময় সাধারণ সদস্যরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। দীর্ঘ সময় ব্যবসায় মনোযোগী ছিলাম। ব্যবসা থেকে আমার অনেক অর্জন আছে। এখন আর পাওয়ার কিছু নেই। ব্যবসার ৮০ ভাগ দায়িত্ব আমার সহধর্মিণীকে বুঝিয়ে দিয়েছি। এখন ব্যবসায়ীদের জন্য কিছু করার ইচ্ছা থেকে এফবিসিসিআইতে সভাপতি প্রার্থী হয়েছি। আমি নিজেকে বড় শিল্প মালিক বলছি না। মাঝারি মানের ব্যবসায়ী। ব্যবসায় যেসব সুবিধা-অসুবিধা রয়েছে আমি সবই জানি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা সব থেকে বেশি। এছাড়া শুল্ক বিষয়ে হয়রানি, কর ও ভ্যাট বিষয়ে দীর্ঘ দিনের সমস্যা রয়ে গেছে। যা সমাধান করা সম্ভব হলেও এখন পর্যন্ত করা হয়নি। এসব বিষয়ে ব্যবসায়ীদের সরকারি দপ্তরে যেতে হবে না। এফবিসিসিআইতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা হবে। এক জায়গাতেই সব কিছুর সমাধান হবে। 

তিনি বলেন, আমি কথা দিচ্ছি সভাপতি নির্বাচিত হলে ২৪ মাসের প্রতিদিন ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য ব্যয় করব। আমার দরজা সাধারণ সদস্যদের জন্য সবসময় খোলা থাকবে। যদি কারও ফোন ধরতে না পারি অন্তত ঘুমানোর আগে হলেও কল দিয়ে তার পরে ঘুমাব। দায়িত্বকালীন সময়ে আমি চেয়ারে বসে দায়িত্ব পালন করব না। যেখানে সমস্যা থাকবে সেখানে নিজে গিয়ে সমাধান করব। ব্যবসায়ীদের নিয়ে এফবিসিসিআইকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলব।

এ সময় তিনি চট্টগ্রাম বন্দর ও তৈরি পোশাক শিল্প মালিকদের সমস্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সমস্যার শেষ নেই। আমি নিজে শিপিং ব্যবসার সঙ্গে জড়িত। আমি জানি রপ্তানিকারকদের কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। দায়িত্ব পেলে সহজে এসব সমস্যার সমাধান করে দেব।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন পরিচালনা বোর্ড তা ৪৫ দিন পিছিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত ভোট গ্রহণের তারিখ বা নতুন তফসিল ঘোষণা করা হয়নি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত