চট্টগ্রামের ফটিকছড়িতে মো. এনাম (৬০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ডের বিএ সুলতান বাড়ির পুকুর থেকে পুলিশ নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় সমাজপতি মো. জসিম ও মিন্টু এলাকাবাসীর বরাত দিয়ে অভিযোগ করেন, মানসিকভাবে অসুস্থ এনামের ওপর দীর্ঘদিন ধরে তার সন্তানরা নির্যাতন করে আসছে। চোখে দেখতে না পাওয়া এনামকে কিছুদিন ভাড়া বাসায় আবার কিছুদিন নিজ বাড়িতে একা রাখেন। বিভিন্ন সময় তাকে মারধরও করত।
জসিম আরও বলেন, এনামের ছেলে মোবারক (২৫) গত বৃহস্পতিবার গভীর রাতে এনামকে নিজ বাড়িতে নিয়ে এসে ঘরে তালা বন্ধ করে রেখে চলে যায়। সকালে দেখি এনামের ব্যাগ পুকুরে ভাসছে এবং পুকুর পাড়ে সেন্ডেল ও লুঙ্গি পড়ে আছে। পরে সকালে মোবারক এসে দরজা খুলে বলে আমার বাবা কোথায়, আমি বাড়ির সবাইকে মামলা দেব।
এক সময় এনামকে খোঁজাখুঁজির এক পর্যায়ে এনামের ছেলে তার পিতাকে পুকুরে খোঁজার পরামর্শ দেন। পরে শুক্রবার বিকালে এনামের নিথর দেহ পুকুরে ভেসে উঠতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয় এবং মোবারককে আটক করে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এনামের ছেলে, মেয়ে, স্ত্রী ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
