খায়রুল কবির খোকন

বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:০৪ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘প্রধান উপদেষ্টা দায়িত্বে আসার পর জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, তিন মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিল সংস্কার বিচারের কথা বলে, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছিল। তিনি তখন বুঝতে পেরেছিলেন বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়। আর এটা বুঝতে পেরেই অন্তর্বর্তী সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষসহ সব রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকে দেশের একটি দলের সঙ্গে এনসিপি এটিকে ভালোভাবে নেয়নি। তারা দেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীরা তাদের সেই আশা বাস্তবায়ন হতে কখনো দেবে না।’

তিনি গতকাল শনিবার  দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেল ভাঙার ঘটনায় আমাকে এক নম্বর আসামি ও আমাদের নেতাকর্মীদের আসামি করে আইনের আওতায় আনার চেষ্টা করেছিল এবং আমাদের ক্রসফায়ারে নেওয়ারও পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার। যদি এ আন্দোলন সফল না হতো, তবে আমাদের কবর রচনা হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে এ আন্দোলন সফল হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত