কালিহাতীতে পাকা সড়ক ভেঙে বড় গর্ত, ঝুঁকিতে যান চলাচল

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার হরিপুর মোড়ে পাকা সড়কের একাংশ ধসে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। এতে কলেজ মোড় থেকে পারখী ইউনিয়ন হয়ে বড়চওনা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটিতে চরম ঝুঁকিতে চলছে যানবাহন ও পথচারীরা।

আজ রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের ধসে যাওয়া অংশে অন্তত ৮-১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই পথে ট্রাক, অটোরিকশা, অ্যাম্বুলেন্স, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলতে হচ্ছে গর্তের একদম পাশ ঘেঁষে। ফলে যাত্রী ও চালকদের মুখে আতঙ্ক স্পষ্ট।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান শামীম বলেন, ‘রাস্তার পাশে পুকুর থাকায় অতি বৃষ্টিতে এ অংশটা ভেঙে গেছে। এভাবে পড়ে থাকা গর্তে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংস্কার জরুরি।’

মোটরসাইকেল চালক লিটন জানান, ‘দিনে কোনোভাবে চলাচল করা গেলেও রাতে অতিরিক্ত ঝুঁকি নিয়ে চলতে হয়।’

এ বিষয়ে কালিহাতী উপজেলার এলজিআরডি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজই অফিস থেকে লোক পাঠানো হয়েছে। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত