মুন্সীগঞ্জে মাদক মামলায় দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। রবিবার (২০ জুলাই) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন। এর মধ্যে আসামি অপু ডিক্রশকে (২৯) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি মো. জুয়েলকে (২৮) তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়া উভয় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানার টাকা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি অপু ডিক্রশ জেলার সিরাজদীখান উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা ও অপর আসামি মো. জুয়েল একই উপজেলার বড় শিকারপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার সৈয়দপুর বাজারের এমদাদের গ্যারেজের পাশে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় অপু ডিক্রশের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও জুয়েলের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওই দিনই এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আটক অপু ও জুয়েলের বিরুদ্ধে সিরাদীখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
