পর্যটকবাহী নৌকা ডুবে ভিয়েতনামে ৩৭ জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:৫৭ এএম

উত্তর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে উপকূলে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বিবিসি জানায়, গত শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। নৌকায় থাকা পরিবারগুলোর বেশির ভাগই রাজধানী হ্যানয় থেকে হা লং বেতে গিয়েছিল। যাত্রীদের মধ্যে ২০টির বেশি শিশু ছিল।

ভিয়েতনাম বর্ডার গার্ড ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এদিকে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নৌ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত