উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি সেবা নিশ্চিত করার দাবি

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:১৭ এএম

রাজশাহী সিটি করপোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রবিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও ঠিকাদারদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে নানা জটিলতায় নগরবাসী প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জন্মনিবন্ধন, নাগরিকত্ব ও মৃত্যু সনদ পেতে ভোগান্তি বৃদ্ধিসহ অন্যান্য সেবা পেতেও হয়রানির শিকার হতে হচ্ছে। ঠিকাদাররা ঠিক সময়ে বিল না পাওয়ায় শহরের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। এসব সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আগামী ২৩ জুলাই থেকে ঠিকাদাররা রাজশাহী শহরের উন্নয়নকাজ বন্ধ রাখবেন বলে ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। এছাড়া আগামী ২৭ জুলাই সিটি করপোরেশনের সামনে মানববন্ধন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন বেলাল খান, তৌহিদুল ইসলাম সেলিম, আজিজুল হক ভুঁইয়া, গাজী সালাহউদ্দীন, ইয়াহিয়া খান মিলু, রেজাউল ইসলাম, মো. আমিন ও মো. শওকত প্রমুখ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নতুন হোল্ডিং খোলার জন্যও কোনো সেবাগ্রহীতা এলে তারা কর্মকর্তাদের রোষানলে পড়ছেন। ভবন নির্মাণে এনওসি পেতে রাসিক থেকেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। একটি এনওসি পেতে যেখানে সময় লাগার কথা সর্বোচ্চ তিন থেকে চারদিন, সেখানে এই এনওসি পেতে সময় লাগছে প্রায় আড়াই মাস। এছাড়াও বিভিন্ন ধরনের ছাড়পত্র পেতেও ভোগান্তি পোহাতে হয়। ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন করে খুলতে গেলেও চরম ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা। শহরের বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে বৈদ্যুতিক ল্যাম্পপোস্টগুলোতে মাসের পর মাস বাতি না থাকলেও সে বিষয়ে নেই কোনো ভ্রুক্ষেপ। বিভিন্ন ধরনের ভাতা পেতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও অভিযোগ অনেক ভুক্তভোগীর। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলা যথাসময়ে বিল না পাওয়ার কারণে শহরজুড়ে উন্নয়নমূলক কাজের ধীরগতি। কোনো কোনো স্থানে কাজ একেবারেই থমকে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত