যান্ত্রিক ত্রুটি, ফার্মগেটে এসে আটকে গেল মেট্রোরেল

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:৩৬ এএম

রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রোরেলের একটি ট্রেন ফার্মগেট স্টেশনে পৌঁছে হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে আটকে যায়। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকে ট্রেন থেকে নেমে গন্তব্যের পথে পায়ে হেঁটে রওনা দেন। তবে প্রায় পাঁচ-ছয় মিনিট পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এক যাত্রী জানান, বিজয় সরণির মোড় ঘোরার পর হঠাৎ করে ট্রেনটির অধিকাংশ আলো নিভে যায় এবং এসি বন্ধ হয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন ফার্মগেট পর্যন্ত এলেও ভেতরে যাত্রীদের জন্য ছিল অস্বস্তিকর পরিবেশ। ট্রেন থামার পর যাত্রী ওঠানামা চললেও তা আর সামনে এগোয়নি। অনেক যাত্রী নেমে পড়েন।

ওই যাত্রী আরও বলেন, ট্রেন থেমে গেলেও যাত্রীদের কিছুই জানানো হয়নি। পরে কয়েক মিনিট পর হঠাৎ ট্রেন আবার চলতে শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, ফার্মগেট স্টেশনে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তবে তা দীর্ঘস্থায়ী ছিল না। মাত্র পাঁচ মিনিট পরেই ট্রেন আবার চালু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত