প্রেমিকার সঙ্গে ঝগড়া করে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম

বগুড়ায় প্রেমিকার সাথে ঝগড়া করে গলায় ওড়না পেঁচিয়ে তারিকুল ইসলাম তোহা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০টার দিকে শহরের সেউজগাড়ী পালপাড়ায় ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে থানা পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

নিহত তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে ও শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দির সংলগ্ন বাপ্পির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

তোহার মেসমেট ও বন্ধুরা জানায়, তিনি ওই ছাত্রাবাসে রুম ভাড়া নিয়ে থাকতেন। একটি মেয়েকে ভালোবাসতেন। কয়েকদিন ধরে মেয়েটির সাথে তার বনিবনা হচ্ছিল না। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফোনে মেয়েটির সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে তিনি তার এক চাচাতো ভাইকে ফোন দিয়ে জানান আত্মহত্যা করতে যাচ্ছেন। সেই সাথে আত্মহত্যার প্রস্তুতির ছবিও ভাইয়ের মেসেঞ্জারে দেয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত