রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির মামলায়, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ ৪ জনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন- মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার ও মোন্তাসির আহমেদ মাসুম।
মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত রবিবার মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। এসময় তারা জোর করে আলমারি চাবি নিয়ে, মোবাইল, গহনা, নেকলেসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
ডাকাতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আর্মি কন্ট্রোল রুমে ফোন করা হয়। পরে আর্মি চার ডাকাতকে আটক করে। ওই বাড়ির যে ফ্ল্যাটে ডাকাতি হয়েছে, সেই ফ্ল্যাটের মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয়। পরবর্তীতে তাদের পুলিশে দেওয়া হয়।
আটকদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে পল্লবী থানায় এ মামলাটি করা হয়।
