রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। তবে বিমান বাহিনী বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে তারা ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরেছে।
এর আগে দুপুর ১টা ১৮ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।
এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনিস্টিটিউট, ঢাকা মেডিকেলসহ উত্তরা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত ২০ জন নিহত ও আহত হয়েছেন ১৭১ জন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ১৭ জনই শিশু, এর মধ্যে সাতজনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে।
এছাড়া এখন পর্যন্ত আহত হয়ে ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে তাদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
