মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৮০০টি ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম মো. আনিস তালুকদার (৪৫)।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিস তালুকদার মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে আলমিরার ভেতর ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় আনিসের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ শহর যুবদলের সদস্য সচিব মো. রায়হান কবির বলেন, শুনেছি মাদক নিয়ে একজন গ্রেপ্তার হয়েছে। তিনি আগে যুবদল করতেন। তবে এখন তিনি আমাদের কোনো কমিটির সদস্য নন।
