গাজার দেইর আল-বালাহতে স্থল অভিযান ইসরায়েলের

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:০২ এএম

গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহতে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার ভোরে ওই এলাকায় এ হামলা শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগেই শহরের দক্ষিণ-পশ্চিম অংশের ছয়টি আবাসিক ব্লকের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এ ছাড়াও গাজার উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ৬৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি চালানো হয়। পাশাপাশি বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছে ইসরায়েলি সেনারা।

বিবিসি জানিয়েছে, গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনী প্রথমবারের মতো দেইর আল-বালাহ অঞ্চলে স্থল অভিযান চালাল। গাজার এই শহরটিতে ও এর আশপাশের এলাকাগুলো দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফা থেকে আসা হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা এই এলাকায় বন্দি ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানান, সোমবার ভোরে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলার ছত্রছায়ায় ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যানগুলো শহরটিতে ঢুকে পড়ে অভিযান শুরু করে। ইসরায়েলি পদাতিক বাহিনী শহরটির ভেতরে প্রবেশ করার সময় আবু আল-আজিন ও হিকর আল-জামি আবাসিক এলাকায় কয়েক ডজন গোলা আঘাত হানে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রাই বলেছেন, ইসরায়েল দেইর আল-বালাহে তৎপরতা বিস্তৃত করছে। এবার এমন সব এলাকায় অভিযান চালানো হচ্ছে আগে যেগুলোতে চালানো হয়নি।

এদিকে, গাজার উত্তরে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা অন্তত ৬৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত রবিবার জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি চালানো হয়। সব মিলিয়ে উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় ১১৫ জন নিহত হয়। এ ছাড়াও অনাহারে প্রাণ গেছে আরও ১৯ ফিলিস্তিনির।

ইসরায়েলি বাহিনী বলছে, রবিবার গাজার উত্তরে কয়েক হাজার মানুষের ভিড়ের কারণে তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে। প্রাথমিকভাবে যা হতাহতের সংখ্যা বলা হচ্ছে, তা অতিরঞ্জিত হতে পারে। ইসরায়েলি বাহিনী আরও বলেছে, ইসরায়েল কখনোই ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বহনকারী ট্রাককে লক্ষ্যবস্তু বানায় না। এক বিবৃতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজায় প্রবেশের পরপরই তাদের ২৫টি খাদ্যবাহী ট্রাকের একটি বহর ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড়ের মধ্যে পড়ে। তখনই তাদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর যেকোনো ধরনের সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করে ডব্লিউএফপি। এ ছাড়াও বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। আলজাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা সানাদ ২০ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় ইসরায়েলি সেনারা মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত