৬ দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

রাজধানীর উত্তরা এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ জানিয়ে বিক্ষোভে নেমেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির সামনের গোলচত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী। অল্প সময়ের মধ্যেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত ও আহতদের স্মরণে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা সড়কে বসে পড়েন। তাদের হাতে দেখা যায়—‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন বেদনাভরা স্লোগান। আন্দোলন চলাকালে পুলিশ বারবার শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করলেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভরত একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা কারও সঙ্গে সংঘাতে যেতে চাই না। কিন্তু এই দুর্ঘটনার পর কেউ দায় নিচ্ছে না, কোনো তদন্ত হয়নি, ব্যবস্থা তো দূরের কথা, একজনকেও জবাবদিহির আওতায় আনা হয়নি। আমরা এই অবিচারের জবাব চাই।’

শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেছেন—
১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা প্রকাশ,
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ,
৩. শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা,
৪. যথাযথ ক্ষতিপূরণ প্রদান,
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল,
৬. পুরো প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ভবনের ওপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমান ও ভবনে। ভবনটিতে তখন ক্লাস চলছিল এবং অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী গুরুতর দগ্ধ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীকালে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও অভিযানে যোগ দেন। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত