সন্তানহারা পিতামাতার আর্তনাদ। দগ্ধদের আহাজারি। এত কিছুর মধ্যেও আজ মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আজ জিতলেই সিরিজ জয় হবে বাংলাদেশের, প্রথমবারের মতো পাকিস্তানকে হারানো যাবে টি-টোয়েন্টি সিরিজে। তবে জিতলেও উৎসবের উল্লাস হবে না, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। উত্তরায় প্রশিক্ষণ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
কিছুদিন আগে, যখন পিএসএল এবং আইপিএল চলছিল, তখন যুদ্ধ বাঁধে ভারত এবং পাকিস্তানের ভেতর। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে স্টেডিয়ামে, আশপাশে পড়ে বোমাও। যুদ্ধের এ এক অমোঘ পরিণতি, রাজনীতিবিদদের খেয়ালখুশির দায় প্রাণ দিয়ে মেটায় সাধারণ মানুষ। কিন্তু বাংলাদেশ তো যুদ্ধে জড়িয়ে নেই! প্রশিক্ষণ বিমান উড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে খসে পড়ে এক স্কুলের ভবনে। যেখানে ছুটির ঘণ্টার অপেক্ষায় থাকা ছোট্ট শিশুরা মুহূর্তেই ছাই হয়ে যায় বিস্ফোরণের লেলিহান শিখায়। এরপরও শোকার্ত নগরীতে ক্রিকেট চলবে। টিকিট বিক্রি হয়ে গেছে, স্যাটেলাইটের বুকিং, অ্যাডের স্পট, অনেক টাকার কারবার। তাই ক্রিকেট হবে, শোকের আবরণে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় শোকবার্তা জানিয়েছে। বিসিবির সিনিয়র ম্যানেজার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবিদ ইমাম জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। জাতীয় শোক দিবস পালনের আওতায় স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গতকাল সোমবার বাংলাদেশ এবং পাকিস্তান কোনো দলই অনুশীলন করেনি। আগের রাতে ম্যাচ খেলার পর কোনো দলকেই পরের দিনের বিকেলে গোটা দলকে অনুশীলনে আসতে দেখা যাওয়াটা ডুমুরের ফুলের মতোই, অতি উৎসাহী কেউ কেউ নিজে অবশ্য চলে আসেন ব্যক্তিগত অনুশীলনে। পাকিস্তানের ‘ফিয়ারলেস উইথআউট কেয়ারলেস’ ব্যাটিং কৌশলের বড় পরীক্ষা, রমিজ রাজা যে কৌশলের নাম দিয়েছেন ‘বুম অ্যান্ড বাস্ট’। কোচ মাইক হেসন উইকেটের কড়া সমালোচনা করেছেন প্রথম ম্যাচ শেষে। গতকালের দিনভর ঝলসানো রোদ হয়তো উইকেটটা সেঁকা রুটির মতোই মচমচে করে দিতে পারে, তাতে যদি হেসনের মন ভরে! যদিও সন্ধ্যায় বৃষ্টির জোরালো আশঙ্কাই দিচ্ছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ টানা ছয় টি-টোয়েন্টি হারের পর হঠাৎই যেন খুঁজে পেয়েছে ছন্দ, জিতে গেছে টানা ৩টি ম্যাচ। সবচেয়ে বড় কথা, ছক্কা মারতে শিখে গেছেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ১০ ম্যাচে তামিমের ২১ ছক্কা আর ৯ ম্যাচে ইমনের ১৯। রবিবারেই তো পাঁচ খানা ছক্কা মেরেছেন ইমন! এই দুজনের ব্যাট যদি ‘কেয়ারলেসলি ফিয়ারলেস’ হয়ে ওঠে, তাহলে রবিবারের ফলের পুনরাবৃত্তি হতে পারে আজও।
বোলিংয়ে মোস্তাফিজুর রহমান এই উইকেটে বছরের এই সময়টায় ধাঁধার থেকেও জটিল। সঙ্গে শেখ মেহেদি পাওয়ার প্লে-তে কার্যকর। শুরুতে তাসকিন একটা সহজ ক্যাচ ছাড়াটা বাদ দিলে গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিং প্রথম ম্যাচে ছিল ভালোই, ৩টি রানআউট করেছে বাংলাদেশ। তবে দুটোয় অবশ্য প্রত্যক্ষ অবদান ফখর জামানের!
ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের সঙ্গে লিটনের টসভাগ্য যদি ভালো থাকে, তাহলেই হয়তো ম্যাচটি জিতে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। তাতে পরিসংখ্যান ভালো হবে, র্যাংকিংয়েও উন্নতি হবে। কিন্তু শোকার্ত শহরে কোনো উৎসব হবে না।
এসিসির বৈঠক অনিশ্চিত, ঢাকায় শূন্য টেবিলের শঙ্কা
উইকেটের দোষ নাকি পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা