চট্টগ্রামে ছাত্রদল-যুবদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ থেকে ২২জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রলীগ ‘ট্যাগ’ দিয়ে এক যুবককে থানায় হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২১ জুলাই) মধ্যরাতে নগরের চকবাজার থানার সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদল-যুবদল ছাত্রশিবিরের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং ফাঁকা গুলি চালায়। সংঘর্ষের সময় চানমারী সড়কে ইট-পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনাও ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘সংঘর্ষের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের দাবি, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে চকবাজার থানায় তুলে দিলে ছাত্রশিবির ও জামায়াতপন্থীরা এসে ছাত্রদলের উপর হামলা চালায়।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, ‘একজন আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় দিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গেলে সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, শিবিরের নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা করেন।’
