মাইলস্টোন ট্র্যাজেডি

উদ্ধার কার্যক্রম ও রক্ত সংগ্রহে ছাত্রদলের উদ্যোগ অব্যাহত

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত শিক্ষার্থীদের উদ্ধার কার্যক্রমে সহায়তা, জটল নিরসন, জরুরি পরিবহন ও রক্ত সংগ্রহসহ চিকিৎসাসেবা নিশ্চিতে ভূমিকা রেখেছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দ তাৎক্ষণিক মেডিকেল টিম গঠন করে এ ভূমিকা রাখে।

জানা গেছে, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। তাৎক্ষণিক মেডিকেল টিম গঠন করে সমন্বয়কারী ঘোষণা করা হয় ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে। এই টিমে রয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ ও সহ সাধারণ সম্পাদক ডা. এরফান হোসেন নিবিড়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, উদ্ধার কার্যক্রমে ঢাকা উত্তর ছাত্রদল প্রস্তুত ছিল। তবে কাজটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে স্থানীয় ছাত্রদল নেতারা সেখানে তাদের সাহায্য করেছেন।

তিনি বলেন, রক্ত সংগ্রহ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা ছিল আমাদের প্রধান চাওয়া। পাঁচটি অ্যাম্বুলেন্স আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। ড্যাব ও ছাত্রদলের চিকিৎসকরা কাজ করেছেন। উত্তর আধুনিক মেডিকেল কলেজ, মনসুর মেডিকেল কলেজে ছাত্রদল কাজ করছে। আমি নিজেও গিয়েছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। আর শৃঙ্খলা রক্ষায় বার্ন ইউনিটের সামনে কাজ করেছে ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের ছাত্রদল।

ছাত্রদলের সহ সভাপতি ও মেডিকেল টিমের সমন্বয়কারী ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, গতকাল কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেছি। আমরা ১৫-১৬ জন ভাইবোনকে উদ্ধার করেছি। ব্লাড ডোনারদের নিয়ে বার্নে গিয়েছিলাম। কয়েকজনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এ সময় চিকিৎসাসেবায় এবং অসচ্ছল পরিবারের প্রয়োজনে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার কথা জানান আউয়াল।

তিনি বলেন, নেগেটিভ ব্লাড নিয়ে তালিকা করেছে ছাত্রদল। মেডিকেলগুলায় যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজন হলেই তাৎক্ষণিকভাবে ব্লাড ডোনার পাঠিয়ে দিচ্ছি। একই কথা জানান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল হালিমও। তিনি বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতার জটলা নিরসনে ভূমিকা রেখেছে উত্তর মহানগর ছাত্রদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত