ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ছাত্রলীগের এক পলাতক নেতাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। আজ বুধবার বেলা ১১টার দিকে চেকপোস্ট পার হওয়ার সময় তাকে থামিয়ে ধরে ইমিগ্রেশন পুলিশ।
আটক ব্যক্তি আব্দুস সামাদ আজাদ (৩২), মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি জেলার মোস্তফাপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে আজাদ যখন ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন, তখন তার তথ্য যাচাই করে দেখা যায়, তিনি সাত মামলার আসামি। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ আজাদ স্বীকার করেন যে, তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী পর্যায়ে সেখান থেকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ছাত্রলীগের ওই নেতাকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সাতটি মামলা থাকায় তাঁকে মৌলভীবাজার থানা পুলিশের জিম্মায় দেওয়া হবে।
মোহাম্মদপুরে ‘তরুণ গ্যাং’ চক্রের প্রধানসহ ৪ জন আটক