পঞ্চগড় সদর উপজেলার হলধরজোত গ্রামে অবস্থিত মরগেন চা কারখানাকে ঘিরে জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, হলধরজোতসহ আশপাশের তিনটি গ্রামের মাঝে স্থাপিত এই চা কারখানা থেকে কয়লা ভাঙার তীব্র শব্দ এবং চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়ার কারণে মাঠের ফসল ও গ্রামবাসীর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। শব্দের কারণে অসুস্থ রোগী ও শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এলাকাবাসীর দাবি, কয়লা ভাঙার মেশিন ও চিমনির অবস্থান অন্যত্র সরিয়ে নেওয়া হোক।
স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, ‘শব্দ ও পরিবেশ দূষণের হাত থেকে এলাকাবাসীকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, দাবি মানা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।
এদিকে মরগেন চা কারখানার নির্বাহী পরিচালক নওয়াজেশ আলী চিশতি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই কারখানা পরিবেশের জন্য কোনো ধরনের হুমকি নয়।’
তিনি জানান, ‘পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কারখানা পরিদর্শন করলেও কোনো নির্দেশনা দেননি।’
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, অভিযোগের পরপরই কারখানা পরিদর্শন করা হয় এবং পরিবেশগত সমস্যার সমাধানে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু
দাউদকান্দিতে বজ্রপাতে ধসে পড়েছে কলেজের দেয়াল 