বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে উপজেলার বিভিন্ন স্কুলে স্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শহীদ রহিম স্মৃতি সড়কে ইনোসেন্ট চাইল্ড স্কুলের উদ্যোগে মানববন্ধন করেছে ইনোসেন্ট চাইল্ড  স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইনোসেন্ট চাইল্ড স্কুলের পরিচালক আমজাদ হোসেন সোহেল,সহকারী শিক্ষক ছাবিবুর হাসান শাকিল, কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইনোসেন্ট চাইল্ড স্কুলের শিক্ষক বারী সুমন, রীতা দত্ত, ইসরাত জাহান টলমল, নূর মদিনা বিউটি,তাহমিনা জাহান রূপা,ফারজানা আক্তার প্রমি, সুদীপ্ত সাহা অমিত, মো. এহছানুল হক প্রমুখ। এছাড়াও পৌর শহরের শৈলী কিন্ডারগার্টেন, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনসহ উপজেলার সকল কিন্ডারগার্টেনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যেই জুলাই অভ্যুত্থানে হাজারও ছাত্রজনতা শহীদ হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এই সরকার হচ্ছে জুলাই আন্দোলনের ফসল। প্রাথমিকে পড়ুয়া শিশুদের একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য, যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। 

শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর আন্দোলন ডাক দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত