ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু আক্রান্ত ২৮০

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩৭ এএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। তাকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের গত বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮০ জন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন।

গতকালের নতুন রোগী নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৫ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮.৬ শতাংশ পুরুষ এবং ৪১.৪ শতাংশ নারী।  আলোচ্য ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর চলতি বছরে এ পর্যন্ত মোট ১৭ হাজার ১৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১, লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত