গাজার পরিস্থিতি ‘অবর্ণনীয় ও সমর্থনযোগ্য নয়’: কিয়ার স্টারমার

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:০১ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ভয়াবহ মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার ভাষ্য, গাজায় মানুষের দুর্দশা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা ‘অবর্ণনীয়’ এবং ‘কোনোভাবেই সমর্থন দেওয়া সম্ভব নয়’।

গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গাজার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই নাজুক ছিল, কিন্তু এখন তা একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি।’

বিবিসির আজ শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, গাজার এই সংকট নিরসনে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশেষ করে জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। বৈঠকে তিনি হতাহতের সংখ্যা কমানো এবং ফিলিস্তিনিদের জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করবেন।

গাজায় প্রতিদিনই ত্রাণ সংগ্রহের লাইনে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কাঙ্ক্ষিত কার্যকারিতা দেখাতে ব্যর্থ হয়েছে। এতে খাদ্য ও ওষুধের সংকট আরও তীব্রতর হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার এক-চতুর্থাংশ জনগণ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখে রয়েছে।

এর আগে, সোমবার যুক্তরাজ্যসহ বিশ্বের ২৮টি দেশ যৌথভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অবিলম্বে ত্রাণ সরবরাহে আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহার করে। ওই বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ত্রাণ সরবরাহ ব্যবস্থা এখন ‘ঝুঁকিপূর্ণ’ এবং তা গাজাবাসীদের মানবিক মর্যাদাকে লঙ্ঘন করছে।

এ পরিস্থিতিতে ব্রিটিশ লেবার পার্টির একাধিক সংসদ সদস্য স্টারমারের ওপর চাপ বাড়িয়েছেন, যাতে তিনি ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নেন। অনেকেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

স্টারমার অবশ্য বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্য তখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যখন মধ্যপ্রাচ্যে একটি টেকসই রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠা পাবে।’

গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া আরেক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসরায়েলের উচিত এখনই তাদের কৌশল পরিবর্তন করা।’ তিনি আবারো তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক সব জিম্মিকে শর্তহীনভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্টারমারের ভাষায়, ‘ফিলিস্তিনিদের রাষ্ট্রের অধিকার একটি মৌলিক ও অপরিবর্তনযোগ্য বিষয়।’ তার মতে, যুদ্ধবিরতির বাস্তবায়নই হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সূচনা এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ।

এভাবে গাজা সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছেন কিয়ার স্টারমার, যার বক্তব্যে ফুটে উঠেছে সংকট সমাধানে মানবিক ও কূটনৈতিক তৎপরতার প্রয়োজনীয়তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত