যে কারণে  শাস্তি পাচ্ছেন না মেসি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম

মেজর লিগ সকারে অলস্টার ম্যাচে খেলেননি ইন্টার মায়ামির লিওনেল মেসি ও জর্ডি আলবা। অলস্টার ম্যাচে না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয়। তবে মেসি আলবার ক্ষেত্রে সেটি হচ্ছে না।

মেসি ও আলবা না খেললেও এমএলএস অলস্টার ৩-১ গোলে হারিয়েছে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টারকে। মেসির অলস্টার ম্যাচ না খেলা নিয়ে এমএলএস কমিশনার ডন গারবার বলেন, 'আমরা বিশ্বাস করি অলস্টার ম্যাচ আমাদের গুরুত্বের শীর্ষে। আমাদের এমন একজন খেলোয়াড় আছেন যিনি ৩০ দিনে ৯ ম্যাচ খেলেছেন। ইন্টার মায়ামির সূচিটা অন্য দলের চেয়ে ভিন্ন ছিল। লিও প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট খেলেছেন। আমাদেরই সেটি দেখতে হবে।'

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় রবিবার সকালে সিনসিনাটির বিপক্ষে। এমএলএস'র কমিশনারের কথায় বোঝাই যাচ্ছে মেসি ও আলবা কোন নিষেধাজ্ঞায় পড়ছেন না। তারা খেলবেন লিগে দলের পরবর্তী ম্যাচ।

এর আগের বারও মেসি এমএলএস অলস্টার ম্যাচে খেলেননি। তবে সেবার তিনি ছিলেন ইনজুরিতে। মেসি এবার ইনজুরিতে না থেকেও খেলেননি অলস্টার ম্যাচ।

২০১৮ সালে অলস্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইব্রা তখন মেজর লিগে খেলতেন এলএ গ্যালাক্সির হয়ে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত