বগুড়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১১ দিন পার হলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ছাত্রীটি অপহরণের শিকার হয়েছে। গত ১৪ জুলাই বগুড়া শহরের নওদাপাড়া মমইন ইকোপার্ক থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়।
গতকাল শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এখন তার জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
অপহরণের শিকার শিক্ষার্থী বগুড়া শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন বগুড়া সদরের হাজরাদীঘি এলাকার পিয়াস (২৫), শরিফুল ইসলাম (২০), সরণ হোসেন (২৮) এবং ইসলামপুর হরিগাড়ী এলাকার আছমা আক্তার (১৯)।
বগুড়া সদর থানা পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের এডওয়ার্ড পৌর পার্ক থেকে নিখোঁজ হয় ছাত্রীটি। পরদিন স্বজনরা আবার পার্কে গিয়ে খোঁজ করলে আছমা আক্তার নামে এক নারীর সঙ্গে কথা হয়। ওই নারী মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন মমইন ইকোপার্কে। এরপর তার আর কোনো খোঁজ পাননি বলে দাবি করেন তিনি।
মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পুলিশ প্রথমে তিন যুবককে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আছমা আক্তারকেও গ্রেপ্তার করা হয়।
