রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের কয়েকজনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গতকাল শুক্রবার স্ত্রী সালেহা খাঁনকে সঙ্গে নিয়ে ঢাকার তুরাগ এলাকায় শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরিবারগুলোতে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বাফওয়া সভানেত্রী সালেহা খাঁন এ সময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান। বিমানবাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিন বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর সপুরায় কবর জিয়ারত করা হয়। একইদিন জুমার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রাঙ্গণে মাইলস্টোন শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের জানাজায় বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
অন্যদিকে বিমানবাহিনী গতকাল বিমান দুর্ঘটনায় নিহতের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় একযোগে সব ঘাঁটিতে অফিসার্স মেসে দোয়া ও মাহফিলের আয়োজন করে।
বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম এ কে খন্দকার (ঢাকা)-এর অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ (সশস্ত্র বাহিনী বিভাগ) শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সমবেত হন।
