ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে আত্মত্যাগ করা সাহসী শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী।
গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল দুপুরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে নিহতের কবরস্থানে পৌঁছায়। বিমানবাহিনীর সদস্যরা ফুলের তোড়া নিয়ে সালাম প্রদর্শন করেন। পরে শিক্ষক মাসুকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিমানবাহিনীর সদস্যরা। এ সময় সমাধির মাসুকার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, বিমানবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রত্যেক সদস্যের পক্ষ থেকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপু ম্যাডামের প্রতি শোক ও সম্মান জানানোর হয়েছে। তিনি শুধুই একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সাহসিনী ও একজন আদর্শ নাগরিক। তিনি নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি।
বিমান দুর্ঘটনা তদন্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আপনাদের জানানো হবে। বিমানবাহিনীর দল কাজ করছে। আপনারা সেটি জানতে পারবেন। জনবহুল এলাকায় বিমান চালানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা আমাদের রাজধানী। এটি একটি স্ট্র্যাটেজিক লোকেশন। যেখানে আমাদের নিরাপত্তা খুব দরকার। ঢাকার আশপাশের জনবসতি অনেক বেড়ে গেছে। আমাদের কম্প্রমাইজ করেই ফ্লাইং করতে হয়। কিন্তু দুর্ঘটনা কখনোই কাম্য নয়। এটি একটি দুর্ঘটনা।
