আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর রাজনীতির মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই দ্বন্দ্বে একদিকে আছে বিএনপি, আরেক দিকে জামায়াতে ইসলামী। তাদের এই দ্বন্দ্বের কারণে ফ্যাসিবাদী গোষ্ঠী পুনরায় ফিরে আসার পথ সুগম হবে।’ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি কিছু কিছু নেতা তাদের বক্তব্যে সেøাগানে রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারেরও সীমা অতিক্রম করছে। আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা-ছোড়া ছুঁড়ি বাড়ছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পাটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব:) দিদারুল আলম, মহাগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ছৈয়দ আবুল কাসেম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম।
