৮ দলের এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম

অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। ৮ দলের অংশগ্রহণে আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে মহাদেশীয় বিশ্বকাপের। ভারত নামমাত্র আয়োজক হলেও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আবারও নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।

আনুষ্ঠানিকভাবে এই ঘোষাণা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মোহসিন নাকভি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক সাত মাস আগে আয়োজিত হওয়া এ টুর্নামেন্ট এবারে ফিরে আসছে সংক্ষিপ্ত সংস্করণেই। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত হবে এই মহাদেশীয় আসর। সবশেষ আসরে ৫ দল অংশ নিলেও এবারের আসরে অংশ নেবে মোট ৮টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

 

নাকভি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এএসসি পুরুষ এশিয়া কাপ ২০২৫ আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। শিগগিরই বিস্তারিত সূচি প্রকাশ করা হবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের অপেক্ষায় আছি!’

এর আগে ২০২৩ সালের এশিয়া কাপও ছিল কূটনৈতিক জটিলতায় জর্জরিত। পাকিস্তান আয়োজক হলেও ভারতের আপত্তিতে ভারতীয় দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। ফলে পাকিস্তানের মাটিতে গড়া স্বপ্ন ভেস্তে যায়, আর শিরোপা জিতে নেয় ভারত। একই চিত্র দেখা যায় ২০২৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও—যেখানে ভারত হাইব্রিড মডেলে খেলেছে দুবাইয়ে এবং শেষ পর্যন্ত কাপও জিতে নেয়।

চলতি বছরের শুরুতে ঢাকায় এএসসি-র সাধারণ সভার আগেও বিসিসিআই সভা বর্জনের হুমকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ভার্চুয়ালি যুক্ত হয়ে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেটের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন বৈঠকে এবং সেপ্টেম্বরের এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত করা হয়।

সংক্ষিপ্ত সংস্করণে ফিরে আসায় টুর্নামেন্টে থাকবে বাড়তি উত্তাপ, বাড়তি প্রস্তুতির গুরুত্বও। পরবর্তী বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলোর জন্য এটি হতে যাচ্ছে নিজেদের পরখ করে নেওয়ার আদর্শ সুযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত