বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

বগুড়া জেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হন তিনজন।

রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সিএনজির যাত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয়রা তাদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। 

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত