কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী এলাকায় নির্মাণাধীন একটি সেতুতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেতুটির ছাদ ঢালাইয়ের পর রেলিংয়ে ঝাঁকি দিলেই তা খুলে পড়ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এলাকাবাসী শঙ্কা প্রকাশ করে বলেছেন, এভাবে নির্মিত সেতু বেশিদিন টিকবে না।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে সেতু ও কালভার্ট প্রকল্পের আওতায় ৯ মিটার দৈর্ঘ্যের সেতুটির বাজেট ধরা হয়েছে ৩৩ লাখ টাকার কিছু বেশি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সূত্র ও স্থানীয় বাসিন্দাদের মতে, বিটেস্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী গ্রামে মেসার্স সোহেল ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরে এই কালভার্টের কাজ পায়। কাজ শুরুর পর থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে কর্তৃপক্ষ রহস্যজনকভাবে ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয় বারেক তালুকদার, আলাউদ্দিন তালুকদার ও আব্দুল হামিদ বলেন, পাথরের ঢালাই দেওয়ার কথা থাকলেও ইটের কংকর মিশিয়ে ঢালাই দেওয়া হয়েছে। রেলিংয়ে চারটি রডের পরিবর্তে মাত্র দুটি রড ব্যবহার করা হয়েছে। সিমেন্ট কম দেওয়ায় ঢালাই খসে পড়ছে।
বিটেস্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, রড ও সিমেন্ট কম দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া জানান, নিচের অংশ ঠিকমতো করা হয়েছে। তবে ঠিকাদার শুক্রবার অফিসকে না জানিয়ে রেলিংয়ের ঢালাই করে, যা নিম্নমানের। এ অংশ ভেঙে আবার করা হবে।
ঠিকাদার সোহেলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, রেলিংয়ের কাজে তদারকি না থাকায় সমস্যা হয়েছে। ঠিকাদারকে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, অনিয়মের অংশ ভেঙে ফেলা হয়েছে। কাজ সঠিকভাবে সম্পন্ন না করা পর্যন্ত ঠিকাদারকে বিল দেওয়া হবে না।
