পুতিনের ওপর ভীষণ হতাশ ট্রাম্প, ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘১০-১২ দিন’ সময় দিলেন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে ‘১০-১২ দিন’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পাঁচবার শান্তিচুক্তির কাছাকাছি এসেছিলেন বলেও জানান তিনি।

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি প্রথমে ৫০ দিন বলেছিলাম, কিন্তু আমি মনে করি, আমি ইতিমধ্যেই জানি কী হতে যাচ্ছে। তাই আমি সেটা কমিয়ে দিচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি পুতিনের সঙ্গে অনেক কথা বলেছি, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু এরপর সে কিয়েভে রকেট ছোড়ে, নার্সিং হোমে মানুষ মরে, রাস্তায় লাশ ছড়িয়ে থাকে — এটা খুবই হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘আমি পুতিনের ওপর ভীষণ হতাশ। তাই আমি তাকে দেওয়া সময়সীমা আরও কমিয়ে আনবো।’

স্টারমার-ট্রাম্প বৈঠকে গাজা প্রসঙ্গ

এদিকে ব্রিটিশ প্রধান কিয়ার স্টারমার বলেন, ‘আমরা গাজার অসহনীয় মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আমাদের অবিলম্বে একটি যুদ্ধবিরতির দিকে এগোতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছাতে হবে।’

তিনি আরও বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির পর কী হবে — সে সম্পর্কেও আমাদের একটি আলোচ্য পরিকল্পনা হয়েছে। ট্রাম্পের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।’

বৈঠকের শুরুতে স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়া ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এই বৈঠকে বাণিজ্য, গাজার মানবিক সঙ্কটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত