শিশু পান্না ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম

নেত্রকোনার আলোচিত শিশু পান্না ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বিচারক ড. এ কে এম এমদাদুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপ-সম্পাদক কৌশিক চন্দ্র সরকার ওরফে অপু (২৩), যুবলীগ কর্মী মামুন আকন্দ (২৬), এবং সুলতান মিয়া (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা রেললাইনের পাশে রিকশাচালক লালচান মিয়ার ১৪ বছরের মেয়ে পান্নাকে ডেকে নিয়ে সুলতান মিয়ার মাছের খামারে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরিবার শিশুটিকে উদ্ধার করলেও আসামিরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য হুমকি দেয়। পরদিন সকালে পান্নার ঝুলন্ত মরদেহ পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়। পান্নার মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। কিন্তু আসামিদের প্রভাবের কারণে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। জনরোষের মুখে ১০ সেপ্টেম্বর আদালতের নির্দেশে পান্নার লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। পুলিশ ১২ সেপ্টেম্বর কৌশিক ও মামুনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সুলতান মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালের ৫ এপ্রিল পুলিশ চূড়ান্ত চার্জশিট দাখিল করে। ৯ বছর ধরে চলা মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণের পর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। রায় ঘোষণাকালে তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত