অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য (এমপি) ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখেন। এ ছাড়া তার ১৯টি ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনসহ ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়।
