রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এই সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুনামি সতর্কতার কারণে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি। পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানের উপকূলের কাছে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সৃষ্ট সুনামিতে বিদ্যুৎকেন্দ্রটির পাওয়ার ও কুলিং সিস্টেম ধ্বংস হয়ে যায়। এতে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে তিনটি গলে (মেল্টডাউন) যায়। যার কারণে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়।
এর আগে রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূকম্পন, প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামির সতর্কতা
উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ