আবাসিক ভবনে গড়ে তোলা হয়েছে পেট্রোল পাম্প। ফুয়েল ডিসপেনসার বসিয়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অকটেন, ডিজেল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায়।
ভবন মালিক বলছেন, এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে জানতেন না তিনি। পাম্পের মালিক ছাড়পত্র থাকার দাবি করলেও তা অস্বীকার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
জেলা প্রশাসন বলছে, বিষয়টি নজরে এসেছে তাদের। অবৈধ এই প্রতিষ্ঠান বন্ধে অচিরেই চালানো হবে অভিযান।
সরেজমিন সদর উপজেলার দেবপুর এলাকায় গিয়ে দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে ৩ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধ এই পেট্রোল পাম্পটি গড়ে তোলা হয়েছে। রুমের ভেতরে ড্রামে মজুদ রাখা হয়েছে অকটেন ও ডিজেল। পাইপের মাধ্যমে তা সংযোগ দেয়া হয়েছে ফুয়েল ডিসপেনসার মেশিনে। এমন ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমেই প্রতিনিয়ত বিক্রি করা হচ্ছে অকটেন ও ডিজেল।
জানা যায়, আফতাব আহমেদ বাবু নামের এক ব্যক্তি গেল বছর ভবনটিতে দোকান ভাড়া নেন। পরে আফতাব ফুয়েল সার্ভিস নামে কার্যক্রম শুরু করেন তিনি। অথচ ভবনটির নিচ তলায় দোকান আর দ্বিতীয় তলায় রয়েছে এনজিও অফিস ও আবাসিক ফ্লাট।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আবাসিক ভবনে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোন অবস্থাতেই এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালানো ঠিক নয়। এতে করে যেকোন সময় অগ্নিকাণ্ডে জীবনহানির ঘটনা ঘটতে পারে।
ভবন মালিক প্রবাসী মো. সফিউল্লাহ জানান, দোকান ভাড়া করে ভাড়াটিয়া পেট্রোল পাম্প তৈরি করবে জানতেন না তিনি। এমন ব্যবস্থায় তেল বিক্রি করতে কোথাও দেখেনি বলেও জানান তিনি।
এ ব্যাপারে পেট্রোল পাম্পের মালিক আফতাব আহমেদ বাবুর সাথে মোবাইল কথা হলে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ফায়ার সার্ভিসের ছাড়পত্রের পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়েছি। নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রুমের ভেতরে বা বাইরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকৃতি প্রদত্ত না হলে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে দাবি করেন তিনি।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, ছাড়পত্র দেয়া দূরে থাক বিষয়টি সম্পর্কে জানি না আমরা। আবাসিক ভবনে কোন অবস্থাতেই পেট্রোল পাম্প গড়ে তোলা যাবে না। এতে যে কোন সময় অগ্নিকাণ্ডের ঘটনায় জীবনহানির সঙ্কা রয়েছে। আমরা এ বিষয়ে খোঁজখবর খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আবাসিক ভবনে পেট্রোল পাম্প থাকার কোন সুযোগ নেই। বিষয়টি ইতিমধ্যেই আমি অবগত হয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
বড় কোনো দুর্ঘটনার আগেই এই প্রতিষ্ঠান বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের প্লট বরাদ্দের উদ্বোধন
মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা
সব ফরম্যাটেই খেলার স্বপ্নে নাঈম, চোখ এখন অস্ট্রেলিয়া সফরে