নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ-আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

নোয়াখালী চৌমুহনীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলের পর তাৎক্ষণিক পুলিশ ৩ জনকে আটক করে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চৌমুহনীর রেল স্টেশন রোড এলাকা থেকে ২০/২৫ জনের ঝটিকা মিছিলটি বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর এলাকায় প্রবেশ করে। 

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে চারটায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের ব্যানার লিফলেট নিয়ে ২০/২৫ জনের একটি মিছিল বের হয়। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মিছিলটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক দিয়ে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানেই এই মিছিলটি বের হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম কোনো ঝটিকা মিছিল। নাজমুল শিহাব নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের অনুসারী।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন মিছিলের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চৌমুহনীতে একটি মিছিলের খবর আমরা শুনেছি। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গেলে কাউকে পায়নি। 

নোয়াখালীতে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক মিছিলে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত