নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযানে রায়পুরা উপজেলার নজরপুর এলাকা থেকে ৫টি অস্ত্র, ১৮টি ককটেলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (পহেলা আগস্ট) রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার রায়পুরা (সার্কেল) বায়েজিদ বিন মনসুর এর নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় দু-পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে গোপন সংবাদের মাধ্যমে শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের বাড়িতে তল্লাশী চালিয়ে এক নলা বন্দুক পাচঁটি, বুলেট সীসা কার্তুজ দশটি, পিস্তলের গুলি তিন রাউন্ড, পিস্তলের ম্যাগাজিন, ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
উল্লেখ, গত সপ্তাহে দুইদিনের অভিযানে আরো ৭টি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেলসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
