চব্বিশের জুলাই-আগস্টে চিত্র সাংবাদিকদের তোলা ছবি নিয়ে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে শুরু হয়েছে ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী। ঢাকা ও চট্টগ্রামের প্রায় দেড় শতাধিক ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে হয়ত একদিন মানুষ ভুলে যাবে। কিন্তু আবু সাঈদের বুলেটবিদ্ধ ছবি ইতিহাসকে মনে করিয়ে দেবে।
মেয়র বলেন, জুলাই-আগস্ট নিয়ে আমরা বলি ৩৬ দিনের বিপ্লব। কিন্তু এই সময়ের মধ্যে যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটি শুধু ৩৬ দিনের নয়, সেটা ১৬ বছরের নির্যাতনের ইতিহাস। ওই সময়ের শহীদদের ভুলে যাওয়া হবে তাদের প্রতি অবিচার।
চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।
