অস্ট্রেলিয়ার ডারউইনে ১৪ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি, যেখানে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নর্দার্ন টেরিটোরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রাক-মৌসুম এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে চতুর্থ বারের মতো, যেখানে অস্ট্রেলিয়ার স্থানীয় ক্লাব ও বিগব্যাশ ফ্র্যাঞ্চাইজিগুলোর একাডেমি দলের সঙ্গে বিদেশি দলগুলোকেও আমন্ত্রণ জানান হয়। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে এই আসরে, গত আসরে বাংলাদেশের হাই পারফরম্যান্স দল অংশ নিয়ে হয়েছিল রানার্স আপ। এইবার অংশ নিচ্ছে ১১টি দল। বাংলাদেশের ‘এ’ দল ছাড়াও অতিথি দলগুলো হচ্ছে শিকাগো কিংসমেন, পাকিস্তান শাহিনস বা ‘এ’ দল ও নেপাল জাতীয় দল।
